গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৪:৩১ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৬:০৯ পিএম
ফাইল ছবি
গাজীপুরের পোশাক শ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে পঞ্চগড় পর্যন্ত পাঁচদিন ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। পোশাক শ্রমিকদের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের ঢাকা বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মো. কবীর উদ্দীন, রেলওয়ের নিরাপত্তাবাহিনীর কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহ, রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক ও ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহজাহান পাটোয়ারী।
মোহাম্মদ সফিকুর রহমান বলেন, ‘জয়দেবপুর থেকে উত্তরবঙ্গগামী লোকের চাপ থাকে। এজন্য ঈদের আগে ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত এবং ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নামের ঈদ স্পেশাল ট্রেন জয়দেবপুর থেকে পঞ্চগড় রুটে চলাচল করবে। ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা সোয়া ৭টায় জয়দেবপুর স্টেশন ছেড়ে যাবে এবং পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পৌঁছাবে পরের দিন ভোর ৫টা ২৫মিনিটে।’
তিনি বলেন, ‘ফেরার পথে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সকাল ৬টা ২৫মিনিটে ছেড়ে জয়দেবপর জংশনে পৌঁছাবে বিকেল ৩টা ৪৫মিনিটে। ট্রেনটি কিসমত, ঠাকুরগাঁও রোড, দিনাজপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট এবং শান্তাহার স্টেশনে যাত্রা বিরতি করবে।’
ঈদের আগে ৭ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে জানিয়ে তিনি বলেন, টিকিটগুলো শতভাগ অনলাইনের মাধ্যমে ক্রয় করতে হবে। একজন যাত্রী জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবে। যার জাতীয়পত্র ব্যবহার করে টিকিট কেনা হবে তাকে অবশ্যই ট্রেনে থাকতে হবে। টিকিটগুলো প্রতিদিন সকাল ৮টা থেকে কেনা যাবে। এজন্য অবশ্যই আগে থেকে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এ কার্যক্রম ১ মার্চ থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৫লাখ যাত্রী অনলাইনে ঈদের টিকিটের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। ট্রেনে ২৫ শতাংশ যাত্রী টিকেট কেটে দাঁড়িয়ে গন্তব্যে যেতে পারবেন। এ টিকিট যাত্রার দিনেই স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।’
ঈদ উপলক্ষে ঢাকা থেকেও উত্তরবঙ্গগামী আরও একটি স্পেশাল টেন চলাচল করবে। এ ছাড়া অন্যান্য দিনের মতো ৬২টি ট্রেন সময়সূচি মেনে চলাচল করবে। যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও নিরাপত্তা নিশ্চিতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।