লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১০:৫৬ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১২:৫৮ পিএম
আবু মুসা ছোটন। ছবি : সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর জামিরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘটনার পরই তাকে আটক করা হয়।
খুন হওয়া আবু মুসা ছোটন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ভোটমারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তার বাড়ি ভোটমারী ইউনিয়নের হাজীর স্কুল এলাকায়। আটক আকিত হোসেন পলাশ একই এলাকার প্রতিবেশী আনোয়ার হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার, থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ইফতারের পর সন্ধ্যায় আবু মুসা ছোটন স্থানীয় বাজারে এক দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। সম্পর্কে চাচাতো ভাই প্রতিবেশী আকিত হোসেন পলাশ তাকে ‘জরুরি কথা আছে’ বলে ডেকে নেন। সেখানে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছোটনকে ছুরিকাঘাত করেন পলাশ। ছোটনের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত্যু হয় তার।
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘পারিবারিক জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ছোটনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শান্তি চাই। যেন আর কেউ নৃশংসভাবে খুন না হন।’
ওসি এটিএম গোলাম রসূল বলেন, ‘পূর্বশত্রুতার জেরে পলাশ ছাত্রলীগ নেতা ছোটনকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে থেকে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।’