প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৭:০৭ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১৭:০৯ পিএম
ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়া
রাজশাহী আয়কর অফিসে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে ফাঁদ পেতে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
দুদকের সচিব মো. মাহবুব হোসেন অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, স্বল্প কর নির্ধারণের কথা বলে চিকিৎসক ডা. ফাতেমা সিদ্দিকার কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম। প্রথম কিস্তির ১০ লাখ টাকা আজ দেওয়ার কথা। টাকা দেওয়ার সময় হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী এই ফাঁদ পাতে। অভিযান পরিচালনা করেন দুদকের উপপরিচালক ও দলনেতা মো. আমিনুল ইসলাম।
সচিব বলেন, ডা. ফাতেমা সিদ্দিকা সার্বজনীন স্বনির্ধারণি পদ্ধতিতে ২০২২-২৩ করবর্ষের কর পরিশোধপূর্বক রিটার্ন দাখিল করেন। মহিবুল তাকে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৯৩ ধারায় মামলা দেওয়ার মাধ্যমে ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ করবর্ষের পাঁচ বছরের রিটার্ন দেখানোর ভয় দেখিয়ে ৮ লাখ টাকা ঘুষ দাবি করেন।
দুদক জানায়, ফাতেমা সিদ্দিকী ঘুষ দিতে রাজি না হওয়ায় মহিবুল তার নামে নোটিশ জারি করেন। নোটিশ জারির পর তিনি আনীত স্বল্প কর নির্ধারণের অভিযোগ থেকে অব্যাহতি চান। এ সময় গ্রেপ্তার মহিবুল তার কাছে অনৈতিকভাবে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন।
দুদক সচিব জানান, ঘুষের ১০ লাখ টাকা নেওয়ার সময় আজ হাতেনাতে গ্রেপ্তার করে দুদকের ফাঁদ পরিচালনাকারী টিম। মামলা হিসেবে রুজু হয়ে মহিবুলকে আদালতে পাঠানো হবে।