সিলেট অফিস
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ২১:৫৩ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ২৩:৪১ পিএম
পুণ্যার্থী বেশে মন্দিরে হানা দেওয়ার সময় গ্রেপ্তার আন্তঃজেলা চোরচক্রের ২৭ সদস্য। প্রবা ফটো
সিলেটের গোলাপগঞ্জে পুণ্যার্থী বেশে মন্দিরে হানা দেওয়ার সময় আন্তঃজেলা চোরচক্রের ২৭ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে ২৪ জন নারী ও ৩ জন। নারীদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমন্ডল গ্রামে। অন্যদের মধ্যে দু’জনের বাড়ি হবিগঞ্জের মাধবপুর এবং একজনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকায়। তাদের কাছ থেকে জুয়েলারি, টাকা ও নারীদের ব্যবহৃত হাতের শাঁখা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে গোলাপগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান। এর আগে গত রবিবার সকালে উপজেলার মিশ্রপাড়ার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভূর পুণ্যমেলা থেকে তাদের আটক করা হয়।
আশরাফুজ্জামান বলেন, রবিবার (২ এপ্রিল) সকালে তরা চুরি করতে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভূর পুণ্যমেলায় যান। সুকৌশলে নিজেরা ভিড় তৈরি করে পুণ্যার্থীদের চেইন, টাকা ও মোবাইলসহ বিভিন্ন জুয়েলারি জিনিস হাতিয়ে নেয়। মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা ঘটনা আঁচ করতে পেরে চুরির আলামতসহ তাদেরকে হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাদী হয়ে সোমবার সকালে মামলা করেন।
জিজ্ঞাসাবাদের পর আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শেখ মো. সেলিম।