গৌরনদী (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ২১:২০ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ২১:৫৭ পিএম
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ উজিরপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানমের বাসায় গেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রবা ফটো
বরিশালের উজিরপুর উপজেলার ৪ ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (২ এপ্রিল) উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম ও সাধারণ সম্পাদক রওশনারা পারভীন যৌথভাবে এই কমিটি ঘোষণা করেন।
এর আগে সকাল ১১টার দিকে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ বিউটি খানমের বাসায় গিয়ে কমিটি ঘোষণার নির্দেশ দেন।
চার ইউনিয়নের মধ্যে শোলক ইউনিয়নে ১৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কাজী শেলী সুলতানাকে সভাপতি ও সীমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। হারতা ইউনিয়নের ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে রূপালী রানী বৈদ্যকে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে শিখা সমদ্দারকে। বামড়াইল ইউনিয়নের ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে শিল্পী বেগমকে সভাপতি ও বিলকিস বেগমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জল্লা ইউনিয়নে ৯ সদস্যের কমিটিতে বেলা জয়ধরকে সভাপতি আর সবিতা রানী বাড়ৈকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এদিকে উজিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের ভ্যানচালক সোহেলের হাতে প্রতিশ্রুতি অনুযায়ী নতুন একটি অটোভ্যান দিয়েছেন আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ। গত বৃহস্পতিবার বাজার মসজিদের পাশে অটোভ্যান রেখে ইফতার শেষে নামাজ পড়তে গেলে সোহেলের ভ্যানটি চুরি হয়ে যায়। সোহেলের কান্নার ছবি ভাইরাল হলে আবুল হাসানাত আব্দুল্লাহ তাকে অটোভ্যান কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী প্রমুখ।