ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ২০:৫০ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ২১:০৪ পিএম
ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় হাতির তান্ডবে প্রায় বিশ একর জমির ফসল নষ্ট হয়েছে। প্রবা ফটো
ময়মনসিংহের ধোবাউড়ায় সীমান্তের পাহাড়ি এলাকায় ভারতীয় হাতির তান্ডবে প্রায় ২০ একর জমির ফসল নষ্ট হয়েছে। শনিবার থেকে রবিবার (২ এপ্রিল) সকাল পর্যন্ত উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামে এ তান্ডব চালায় হাতির পাল। এর আগে গত আমন মৌসুমে হাতি তান্ডব চালিয়ে পাকা ধান নষ্ট করেছে। দ্বিতীয় দফায় ফসল নষ্ট করায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।
খাদ্যসংকটে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে হাতির পাল। স্থানীয়রা জানায়, শনিবার রাতে পাহাড় থেকে প্রায় ৫০টি হাতি ফসলের মাঠে রাতভর তান্ডব চালায়। এতে ২০ একর জমির ফসল নষ্ট হয়ে যায়। অনেক লোকজন একত্র হয়ে টর্চ লাইট, আগুন জ্বালিয়ে এবং পটকা ফাটিয়ে হাতির দল তাড়ানোর চেষ্টা করি। পরে ভোররাতে হাতির পাল এলাকা ত্যাগ করে।
গলইভাঙ্গা গ্রামের কৃষক লালু মিয়া জানান, তার এক একর জমির ফসল নষ্ট হয়েছে। লিটন মিয়া জানান, হাতির তান্ডবে শুধু ফসল নয়, জীবন নিয়েও আতঙ্কে আছেন। যেকোনো সময় হামলা হতে পারে বাড়িঘরে।
বন বিভাগের ভেদিকুড়া বিট কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘হাতির হামলার কথা শুনেছি, ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’ ঘোষগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ‘বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন বলেন, ‘এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। শিগগিরই তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। ক্ষতিগ্রস্ত কেউ আবেদন করলে সরকারি সহায়তা পাবে।’