বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৮:১৫ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১৯:০৩ পিএম
নির্যাতনের শিকার ছাব্বির। প্রবা ফটো
বরগুনায় তরমুজ চুরির অভিযোগ তুলে ছাব্বির নামের এক কিশোরের হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় আদালতে মামলা হয়েছে।
রবিবার (২ এপ্রিল) বরগুনা শিশু আদালতে তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন ছাব্বিরের বাবা আলম মিয়া।
অভিযুক্তরা হলেন, আদাবাড়িয়া গ্রামের মো. মামুন, আবদুল মোতালেব ও তার ছেলে সবুজ।
মামলাটি গ্রহণ করে বিচারক মো. মশিউর রহমান খান তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বরগুনা সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে নির্যাতনের ঘটনা ঘটে।
ছাব্বিরের বাবা আলম মিয়া বলেন, ’আমার ছেলেকে তরমুজ চুরির অপবাদ দিয়ে ওই তিনজন তুলে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে সে জ্ঞান হারায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
অভিযুক্ত সবুজ বলেন, ’ছাব্বির আমাদের তরমুজ চুরি করেছে। আমরা শুধু ডেকে জিজ্ঞাসা করেছি, মারধর করিনি।’