লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১১:৫৬ এএম
আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১৪:৫১ পিএম
প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের গাড়িচালক শাহাদাত হোসেন শিপন। প্রবা ফটো
লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ পেতে প্রার্থী হয়েছেন প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের এক সরকারি গাড়িচালক। ওই সম্পাদক প্রার্থীর নাম শাহাদাত হোসেন শিপন।
শাহাদাত লক্ষ্মীপুর প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের গাড়িচালক ছিলেন। বর্তমানে তিনি ডেপুটেশনে কুমিল্লা প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে দায়িত্বে রয়েছেন। লক্ষ্মীপুর থেকেই তিনি বেতন-ভাতা পান।
এ বিষয়ে শাহাদাত বলেন, ‘আমি এর আগেও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ছিলাম। এখন সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। পদ পেলে চাকরি ছেড়ে দেব। চাকরিতে আমার ২৩ বছর পূর্ণ হয়েছে। পদ পেলেই আমি এলপিআরে যাব।’
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘২৪ ফেব্রুয়ারি ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এখনও কমিটি ঘোষণা করা হয়নি। সম্মেলনের আগ থেকেই শাহাদাত নিজেকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছে। তিনি সরকারি চাকরি করেন। এর আগেও ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী পদে অধিষ্ঠিত হয়েছেন। এখন সাধারণ সম্পাদক পদ পেতে উপজেলা ও জেলা নেতাদের কাছে বিভিন্নভাবে লবিং করছেন। পদের জন্য টাকা লেনদেনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।’
সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ বলেন, ‘শাহাদাত বলেছেন এনজিওতে চাকরি করেন। সরকারি চাকরি করেন কি না আমার জানা নেই। আর এখনও কমিটি দেওয়া হয়নি।’
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেন বলেন, ‘শাহাদাত আমাদের জেলা কার্যালয়ের গাড়িচালক ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লায় ডেপুটেশনে রয়েছেন। তিনি রাজনীতি করেন কি না আমাদের জানা নেই।’
কুমিল্লা প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ফারহানা নাসরিন বলেন, ‘শাহাদাত আমার অফিসে কর্মরত। তিনি লক্ষ্মীপুরে রাজনীতি করেন কি না আমার জানা নেই।’
কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘সরকারি চাকরিজীবীরা চাকরিরত অবস্থায় রাজনীতি করতে পারবেন না। শাহাদাতের রাজনীতি করার বিষয়ে কেউ আমাদের জানায়নি। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া শাহাদাত কর্মস্থলে নিয়মিত আসেন না বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশনাও রয়েছে।’