গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ০৮:৪৫ এএম
আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১১:১৬ এএম
বৃষ্টির পর দেয়াল ধসে পড়ে গাজীপুরে এক শিশু নিহত হয়েছে। প্রবা ফটো
গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় রাতে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের তিন তলার দেয়াল ধসে পাশের টিনশেড বাড়ির ওপর পড়ে। এতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই শিশুর মাসহ চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত পৌনে ১টার দিকে জরুনের ফারুক আহমেদের বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। এ সময় ভবনের দেয়াল ধসে পড়ে নিচে ১৮টি রুম ক্ষয়ক্ষতি হয়।
নিহত শিশুটির নাম মো. মুশফিক। বয়স চার বছর। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন ৩৫ বছর বয়সি মোহাম্মদ রুবেল, ১৭ বছরের মোছাম্মৎ মুক্তা, ২৮ বছরের মোহাম্মদ জাহিদুল ইসলাম ও ২২ বছরের শহিদুল ইসলাম।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাত ১২টা ৪৫ মিনিটের দিকে কোনাবাড়ী জরুন এলাকায় ফারুক আহমেদের নির্মাণাধীন পাঁচ তলা ভবনের তিন তলার পূর্ব পাশের ১৫ ফিট উঁচু দেয়াল বৃষ্টির সময় হঠাৎ পাশের বাড়ির মোহাম্মদ বাচ্চু খানের টিনশেড বাড়ির ওপর ধসে পড়ে। এতে ১৮টি রুমের ক্ষয়ক্ষতি হয়। এতে গুরুতর আহত হন অনেকেই। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে পাঠায়।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ বলেন, দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। ফায়ার সার্ভিস এসেছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম বলেন, ভবনধসের খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভবনধসে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে এবং ওই শিশুর মায়ের অবস্থাও আশঙ্কাজনক। তিনিও হাসপাতালে ভর্তি আছেন।