লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ২৩:৪৭ পিএম
অবৈধভাবে বাংলাদেশে আসা ভারতীয় কাপড়। প্রবা ফটো
অবৈধভাবে বাংলাদেশে আসা ভারতীয় কাপড়সহ আটক ট্রাক তিনটির ভারতীয় চালক এখন কোথায় অবস্থান করছেন জানে না আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে আটক ভারতীয় ট্রাক তিনটি রংপুর কাস্টমসে বুধবার (২৯ মার্চ) জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ৬১-বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি কমান্ডার মো. বাইরোন আলী।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস সূত্রে জানা গেছে, ডব্লিউবি-৮৫-৪৮৭৭ নম্বর গাড়ির চালক শ্রী বিপুল রায়, ডব্লিউবি৬১এ-০৪৯৭ নম্বর গাড়ির চালক মো. মিঠুন এবং ডব্লিউবি-৫৯-৭৩৭৮ নম্বর গাড়ির চালক মো. মজহার আলী।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আরফান ট্রেডার্সের মালিক মো. আশরাফুল আলম বলেন, ‘আমার আমদানি করা পাথর নিয়ে আসা গাড়ির চালক মো. মিঠুন বুড়িমারীতেই আছেন। তিনি বিজিবি বা কাস্টমসের লোকজনের সামনে যেতে ভয় পাচ্ছেন। আমরা বুঝতে পারছি না যে, এখন বিষয়টি কোথায় কী করতে হবে’
তিনি আরও বলেন, ‘আমার পাথর নিয়ে আসা গাড়িটি কলাবাগান এলাকায় আনলোড অবস্থায় দাঁড়িয়ে ছিল। ওই গাড়িতে কোনো কিছুই পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এরপরও কেন গাড়িটি আটকে রাখা হয়েছে, সেটাও জানি না। বিষয়টি ভারতীয় রপ্তানিকারক মেসার্স হাসিবুল এমডির মালিক হাসিবুল ইসলামকে জানানো হয়েছে।’
তিস্তা-২ বিজিবি-৬১ ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি কমান্ডার বলেন, ‘বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে কর্তৃপক্ষ। পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া বুধবার সকালে ভারতীয় ট্রাক তিনটি কাস্টমসে জমা দেওয়ার জন্য রংপুরে পাঠানো হয়েছে। আমরা চালকদের পাইনি। তাদের খুঁজে পেলে বিস্তারিত জানা যাবে।’
বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের উপ-কমিশনার (ডিসি) মো. বিল্লাল হোসেন বলেন, ‘এ স্থলবন্দর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে সকলে একমত হয়েছে। আমরা পূর্বের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোরভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কার্যক্রম পরিচালনা করব।’
তিনি আরও বলেন, ‘যে তিনটি আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে পাথর আমদানি করা হয়েছে, ওই গাড়ির পাথরের ভেতর কীভাবে কাপড় নিয়ে আসা হয়েছে তা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও অভ্যন্তরীণ খোঁজখবর নিচ্ছি।’
তবে ট্রাক চালক তিনজনের অবস্থান কোথায়, তা তিনি জানাতে পারেননি। বিষয়টি গুরুত্বে সঙ্গে দেখা হচ্ছে বলেও তিনি জানান।