× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীর আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারকে বহিষ্কারে কেন্দ্রে চিঠি

রাজশাহী অফিস

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ২০:৫৭ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ২১:৩৭ পিএম

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। প্রবা ফটো

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। প্রবা ফটো

নৈতিক স্খলনের অভিযোগ তুলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে।

দলীয় প্যাডে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ দলের ৪৮ সিনিয়র নেতার স্বাক্ষরকৃত ওই চিঠি আওয়ামী লীগের সভাপতি বরাবর সোমবার (২৭ মার্চ) প্রেরণ করা হয়। সভাপতির পক্ষে কেন্দ্রীয় কার্যালয় চিঠিটি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কেন্দ্রে তলব করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় নেতারা।

ডাবলু সরকারের বিরুদ্ধে কেন্দ্রে পাঠানো ওই আবেদনে বলা হয়, আমরা রাজশাহী মহানগর আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের একটি ভিডিও ১৭ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগম্যাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে রাজশাহীসহ আশপাশের জেলা এবং স্থানীয় জাতীয় গণমাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। ডাবলুর এমন নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডের প্রতিবাদে মুক্তিযুদ্ধের পক্ষের সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সব কর্মকাণ্ড থেকে বাইরে রাখার দাবি জানায়।

আরও উল্লেখ করা হয়, ডাবলু সরকারের এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ধ্বংস হচ্ছে। যা আগামী জাতীয় নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। এটি নিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। ডাবলু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজাকার আব্দুস সাত্তার টিপুর প্রধান সহযোগী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজাকার আব্দুর রশিদ সরকারের ছেলে। সার্বিক দিক বিবেচনায় নিয়ে ডাবলু সরকারকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ওই চিঠিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহানের স্বাক্ষর থাকলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, ‘সংগঠন থেকেই ওই চিঠি প্রদান করা হয়েছে। তাতে আমিও স্বাক্ষর করেছি। ডাবলু সরকারের ভিডিও ছড়িয়ে পড়াসহ তার এবং তার পরিবারের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের মধ্যে বিরূপ প্রভাব পড়ছে। তাই আমরা তাকে অব্যাহতির জন্য দলীয় প্রধান বরাবর আবেদন করেছি।’

তিনি আরও বলেন, ‘৩০ মার্চ পার্টির প্রেসিডেন্ট আমাদের ডেকেছেন। তবে কী বিষয়ে তলব করা হয়েছে, তা জানা নেই।’

রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার বলেন, ‘সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ আমাকে জানিয়েছেন, কেন্দ্র থেকে আমাদের তলব করা হয়েছে। তবে আমি অসুস্থ থাকায় ঢাকায় যেতে পারছি না।’

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এমএম কামাল হোসেন বলেন, ‘কেন্দ্রে পাঠানো চিঠির বিষয়ে আমি কিছুই জানি না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা