সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৪:১১ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৩ ২১:২৯ পিএম
বাঘের আক্রমণে আহত আব্দুল ওয়াজেদ। প্রবা ফটো
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরার সময় বাঘের আক্রমনের মুখে পড়েও বেঁচে ফিরেছেন এক জেলে। আহত ওই জেলের নাম আব্দুল ওয়াজেদ। তিনি শ্যামনগরের ছোটভেটখালী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৯টায় সুন্দরবনের কাছিকাটা দাঁড়গাঙ এলাকায় এ ঘটনা ঘটে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইকবাল হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত ওই জেলের পাশ পারমিট ছিল না।মাছ ধরার সময় এক জেলে বাঘের আক্রমণে আহত হয়েছে বলে জানতে পেরেছি।’
ওয়াজেদের ছোট ভাই লিয়াকত হোসেন বলেন, ‘সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাঁড়গাঙে কাঁকড়া শিকার করছিলাম দুই ভাই। হঠাৎ করে মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি বাঘ ভাইয়ের উপর আক্রমণ। এসময় নৌকায় থাকা গরানের লাঠি নিয়ে উচ্চস্বরে শব্দ করে বাঘের সঙ্গে মোকাবিলার চেষ্টা করি। একপর্যায়ে বাঘটি ভাইকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে ভাইকে উদ্ধার করে আজকে বাড়িতে নিয়ে আসি।’
তিনি বলেন, ‘ভাইয়ের পিঠ, ঘাড় ও মাথার সামান্য আক্রান্ত হয়েছে। তাকে এখন বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রমণ সুন্দরবনের গভীরে হওয়ায় সেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করে না বলে ফিরে আসতে বেশি সময় লেগেছে।’