রাজশাহী প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ২২:৩৪ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৩ ০০:১৩ এএম
উদ্ধারকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। প্রবা ফটো
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিশাল আকৃতির প্রাচীন আমলের কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ৪০ কেজিরও বেশি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, দুপুরে গোপালপুর গ্রামের রাশেদুল মাষ্টারের জমিতে পুকুর খননের কাজ চলছিল। ভেকু মেশিন দিয়ে পুকুর খননের একপর্যায়ে মাটির নিচ থেকে মূর্তিটি উঠে আসে। খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা ধারনা করছেন, পূর্বে এই এলাকায় প্রাচীন জমিদারদের বসবাস ছিল। এটি তাদেরই ব্যবহৃত মূর্তি হতে পারে।
ওসি নাজমুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনের সহায়তায় মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘ধারনা করা হচ্ছে এটি অনেক প্রাচীন ও পাথরের তৈরি মূর্তি। তবে মূর্তিটি কত কেজি এখনো ওজন দেওয়া হয়নি। ধারনা করা হচ্ছে ৪০ কেজি বা তারও বেশি ওজন হবে। মূর্তিটি হস্তান্তরের জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তারা পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবে এটি কিসের তৈরি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, মূর্তিটি পুলিশের হেফাজতে রয়েছে। নিয়ম মাফিক মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।