× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঊর্ধ্বমুখী জিরার বাজারে কমছে এলাচ, লবঙ্গের দাম

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ২১:৩০ পিএম

ঊর্ধ্বমুখী জিরার বাজারে কমছে এলাচ, লবঙ্গের দাম

গত বছর ঈদুল আযহার সময় পাইকারিতে প্রতি কেজি আফগান জিরা বিক্রি হয়েছিল ৪০০ টাকায়। এখন বিক্রি হচ্ছে ৭২০ টাকায়। দশ মাসের ব্যবধানে এই জিরার দাম বেড়েছে কেজিতে ৩২০ টাকা। মঙ্গলবার (২৮ মার্চ) ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ঘুরে এসব তথ্য জানা গেছে। আড়তদাররা বলছেন, ১০ মাসের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে গত তিন মাসে। আফগান জিরার দাম কেজিতে অন্তত ২৫০ টাকা এ সময়। সর্বশেষ গত ১৫ দিনে বেড়েছে ১২০ টাকা। 

শুধু আফগান জিরা নয়, একই সময়ে বেড়েছে ভারতীয় জিরার দামও। দশ মাস আগে প্রতি কেজি ভারতীয় জিরা বিক্রি হয়েছিল ৩৮০ টাকায়। ওই জিরা এখন পাইকারিতে বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়। গত ১৫ দিনে এই জিরার দাম বেড়েছে অন্তত ১০০ টাকা। আমেনা ট্রেডার্সের মালিক নুরুল আজিম মুন্না বলেন, ‘বাজারে আফগান জিরার সরবরাহ কম। তাই এখন দাম বাড়ছে। অন্যদিকে ভারতে জিরার দাম বেড়ে যাওয়ায় খাতুনগঞ্জেও ভারতীয় জিরার দাম বাড়ছে।’

জিরার দাম যখন উর্ধ্বমুখী, ঠিক তখন কমতে শুরু করেছে এলাচ, লবঙ্গ, দারুচিনির দাম। গত ১৫ দিনে এসব পণ্যের দাম কেজিতে সর্বনিম্ন ১৫ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত কমেছে। তবে একই সময়ে কিছুটা বেড়েছে গোল মরিচ, আলু বোখরা, আদা, পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, কয়েকটি পণ্যের দাম বাড়লেও বর্তমানে মশলার বাজার স্বাভাবিক রয়েছে। দুই তিন মাস আগে মশলার দাম বেড়ে যাওয়ার পর এখন কিছুটা কমতির দিকে। 

বাজারে এখন প্রতি কেজি ভালো মানের এলাচ বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ টাকায়, যেখানে ১৫দিন আগে এই এলাচ বিক্রি হয়েছে এক হাজার ৯০০ টাকায়। এর বাইরে বি গ্রেডে (মোটামুটি ভালো) এলাচ বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়। দুই সপ্তাহ আগে এই এলাচ বিক্রি হয়েছিল এক হাজার ৪০গ থেকে এক হাজার ৪৫০ টাকায়। অন্যদিকে কেজিতে ৭০ টাকা কমে মাদাগাস্কার থেকে আমদানি করা লবঙ্গ বিক্রি হচ্ছে ১ হাজার ২৮০ টাকায়, ৪০ টাকা কমে ইন্দোনেশিয়ান লবঙ্গ বিক্রি হচ্ছে ১ হাজার ৩২০ টাকায়, ১০ টাকা কমে চায়না দারুচিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০৫ টাকায়, ২০ টাকা কমে ভিয়েতনামি দারুচিনি বিক্রি হচ্ছে ৩৭০ টাকায়। 

অপরদিকে ৮০ টাকা বেড়ে প্রতি কেজি সাদা গোল মরিচ বিক্রি হচ্ছে ৮৮০ টাকায়, কালো গোল মরিচ বিক্রি হচ্ছে ৫৬০ টাকায়। তবে মিষ্টি জিরা এবং আলু বোখরার দাম স্বাভাবিক রয়েছে। বাজারে প্রতি কেজি আলু বোখরা বিক্রি হচ্ছে ৪০০ টাকায় এবং মিষ্টি জিরা বিক্রি হচ্ছে ২৭৫ টাকায়। 

মশলা আমদানিকারক আরাফাত রুবাই প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দুয়েকটি পণ্যের দাম বাড়লেও গত দুই তিন মাসের তুলনায় বাজারে এখন মশলা জাতীয় পণ্যের দাম কমতির দিকে। দুই কারণে মশলা জাতীয় পণ্যের দাম কমছে। প্রথমত, এলাচ লবঙ্গসহ যেসব পণ্য বিক্রি হচ্ছে, সেগুলো কম দামে কেনা ছিল। অন্যদিকে এখন মশলা আমদানি করতে শতভাগ এলসি মার্জিন পরিশোধ করতে হয়। তাই অনেক আমদানিকারক পণ্য বিক্রি করতে না পারলে পুনরায় আমদানি করতে পারছেন না। যে কারণে কম দামে বিক্রি করে দিচ্ছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা