কাপ্তাই প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ১৪:২০ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৩ ১৪:২৬ পিএম
কাপ্তাইয়ের প্রথম ৭ দশমিক ৪ মেগাওয়াটের সোলার বিদ্যুৎকেন্দ্র।
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্র। যার উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট। ৮৫০ একর জায়গা জুড়ে স্থাপিত এই কেন্দ্রে পানি বিদ্যুৎ ছাড়াও ২০১৯ সালে থেকে সোলার প্লান্টের মাধ্যমে উৎপাদন হচ্ছে ৭ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ। বর্তমানে এর সঙ্গে ৭ দশমিক ৬ মেগাওয়াটের আরও একটি সোলার প্লান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
নবায়নযোগ্য জ্বালানি বাড়ানোর আওতায় এই ৭ দশমিক ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্লান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া আগামী দুই মাসের মধ্যে এর নির্মাণ শুরু হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্টরা জানান, এই প্লান্টের প্রতি কিলোওয়াটে উৎপাদন ব্যয় ধরা হয়েছে ৬ থেকে ৭ টাকা। যেখানে ৫৫০ ওয়াট করে ১৪ হাজার নতুন প্যানেল স্থাপন করা হবে। এ ছাড়া বর্তমানে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সোলার প্লান্টের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, এই নতুন সোলার প্লান্টটি যেখানে স্থাপন হচ্ছে সেই জায়গাটি বিগত ৫০ থেকে ৫৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সেই জায়গাতে ৭ দশমিক ৬ মেগাওয়াটের এই সোলার বিদ্যুৎকেন্দ্র করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার ফয়জু বারী জানান, এই ৭ দশমিক ৬ মেগাওয়াটের সোলার প্ল্যান্টটি হলে শুষ্ক মৌসুমে যখন আমাদের উৎপাদন কম থাকবে, সেই সময়টাতে কিছুটা হলেও বিদ্যুতের ঘাটতি পূরণ করতে সহায়ক হবে।
নবায়নযোগ্য জ্বালানি হিসেবে এমন সোলার প্লান্ট বাড়ানো সময়ের দাবি বলছেন বিশেষজ্ঞরা। সেই লক্ষে ভবিষ্যতে আরও সোলার প্লান্ট বাড়ানো প্রয়োজন বলে জানান কুয়েট এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মাহমুদুল আলম।
তিনি বলেন, সোলার নিয়ে আমাদের আরও প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি সোলারের আরও প্রকল্প গ্রহণ করা যেতে পারে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুর জাহের বলেন, পূর্বে কাপ্তাইয়ে ৭ দশমিক ৪ মেগাওয়াটের সোলার প্লান্ট থাকলেও বর্তমানে নতুন করে ৭ দশমিক ৬ মেগাওয়াট সোলার প্লান্ট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথেষ্ট ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং তারাও এটি স্থাপনে অনুমতি দিয়েছে। সেই অনুযায়ী নতুন সোলার প্লান্ট স্থাপনে আমরা অগ্রসর হচ্ছি।
কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় এই সোলার প্লান্টটি নির্মাণে খরচ হবে প্রায় ৬৫ কোটি টাকা। এ ছাড়া সব প্রক্রিয়া শেষ হলে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে যাবে এই কেন্দ্রটি।