নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ০০:২৯ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৩ ১১:০৪ এএম
মহা অষ্টমী পুণ্যস্নান উৎসব উপলক্ষে প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। প্রবা ফটো
হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী মহা অষ্টমী পুণ্যস্নান উৎসব শুরু আজ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে আদি ব্রক্ষপুত্র নদের তীরে এ স্নানোৎসব অনুষ্ঠিত হবে। পুণ্যস্নানের লগ্ন শুরু হবে রাত ৯টা ১৯ মিনিটে। উৎসবটি শেষ হবে আগামীকাল বুধবার রাত ১০টা ৪৯ মিনিটে। এ স্নানে অংশ নেওয়ার জন্য ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান থেকেও দর্শনার্থীরা আসবেন। এবারের উৎসবে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্ন যাতায়াতের জন্য তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।
স্নানের আগে প্রেমতলা, অন্নপূর্ণা, রাজ, কালীঘাটসহ ১৭টি স্নানঘাটের সংস্কার, কাপড় পরিবর্তন কক্ষ ও অস্থায়ী টয়লেট নির্মাণ, পানীয় জল সরবরাহ এবং নদের কচুরিপানা অপসারণ করেছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া তীর্থস্থানের এলাকা জুড়ে থাকবে লোকজ মেলা। পুণ্যার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স সার্ভিস, অস্থায়ী হাসপাতালসহ মেডিকেল টিম থাকবে।
স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ সাহা বলেন, ‘এবার পুণ্যার্থীর সংখ্যা বাড়বে বলে আশা করা যাচ্ছে। ইতোমধ্যে স্নানোৎসবে অংশ নিতে দেশ ও দেশের বাইরে থেকে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন।’
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরাত এ খুদা জানান, স্নান সম্পাদনের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৭টি স্নানঘাট সংস্কার করা হয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহে ৫০টি নলকূপ বসানো হয়েছে, অস্থায়ী টয়লেট ও স্নানঘাটে কাপড় পাল্টানোর ঘর নির্মাণ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, পবিত্র স্নানকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার প্রায় ১০ লাখ লোকের সমাগম ঘটবে বলে ধারণা করা যাচ্ছে।