মোংলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ২৩:৫৯ পিএম
মোংলা বন্দরে সিঙ্গাপুর পতাকাবাহী এমভি মার্কস ইয়ামেন। প্রবা ফটো
মোংলা বন্দরের সক্ষমতায় যুক্ত হলো আরও একটি অধ্যায়। প্রথমবার বন্দর জেটিতে ভিড়েছে আট মিটার গভীরতার কোনো বিদেশি জাহাজ। সোমবার (২৭ মার্চ) বিকাল ৫টায় ৬ নম্বর জেটিতে সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি মার্কস ইয়ামেন’ জাহাজটি নোঙর করে। জাহাজটিতে পণ্য নিতে ১৭৯টি খালি কন্টেইনার এসেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সেমাবার রাত ১০টায় এই তথ্য নিশ্চিত করে।
এমভি মার্কস ইয়ামেন জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটেডের ম্যানেজার (শিপিং) এম এন আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জেটিতে প্রতিনিয়ত ড্রেজিং করার ফলে মোংলা বন্দর কর্তৃপক্ষ এত বড় সাফল্য অর্জন করল। জেটিতে ড্রেজিংয়ের ফলে তারা আট মিটার গভীরতার জাহাজ ভেড়াতে পেগেছে। ১৭৯টি খালি কন্টেইনার নিয়ে জাহাজটি সোমবার নোঙর করে। তবে এই জাহাজেই প্রায় ৩০০ কন্টেইনার ভর্তি পণ্য রপ্তানি হবে। মঙ্গলবার জাহাজটি এই পণ্য নিয়ে বন্দর ত্যাগ করবে।’
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দীর্ঘদিন ধরে বন্দরের নিজস্ব ড্রেজিংয়ের ফলে এ সফলতা এসেছে। এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ আসতে আর কোনো বাধা থাকবে না। ভবিষ্যতে সাড়ে আট মিটার জাহাজ কীভাবে এখানে ভেড়ানো যায়, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। এছাড়া বন্দরের অধিকতর সক্ষমতা বৃদ্ধিতে বড় কর্মযজ্ঞ চলছে, যা এরই মধ্যে কিছু উন্নয়ন দৃশ্যমান হয়েছে।’