বগুড়া অফিস
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৯:৫৩ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৩ ২০:৫৬ পিএম
বগুড়ায় নকল প্রসাধনী সামগ্রী তৈরির দায়ে কলিন্স কসমেটিকসকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৭ মার্চ) শহরের নারুলী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ইফতেখারুল আলম রিজভী বলেন, শহরের নারুলি বাজার এলাকায় কলিন্স কসমেটিকস নামে প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, পারফিউমের খালি কৌটায় নিজেদের বানানো প্রসাধনী বাজারজাত করত। অভিযানে বিষয়টির সত্যতা পাওয়া যায়। কারখানার মালিক আব্দুল মমিন কলিন্স সত্যতা স্বীকার করেন। পরে নকল কসমেটিকস তৈরির দায়ে প্রতিষ্ঠানের মালিককে ২লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলাগালা করা হয়। অভিযান পরিচালনায় জেলা পুলিশের সদস্যরা সহযোগীতা করেন।