সিলেট অফিস
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৯:৩৩ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১৯:৪৪ পিএম
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ। ফাইল ছবি
সিলেটের জৈন্তাপুরের এক পাথর ব্যবসায়ীর করা ৪ মামলায় খালাস পেয়েছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম। সোমবার (২৭ মার্চ) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত থেকে তিনি খালাস পান। তার বিরুদ্ধে মামলা করেছিলেন মাওলা স্টোন ক্রাশার মিলের স্বত্বাধিকারী ব্যবসায়ী শামসুল মাওলা।
বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি মো. আবদুস সাত্তার। তিনি জানান, রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে সিলেটের পাথর ব্যবসায়ী শামসুল মাওলার করা তিনটি চেকের মামলা ও একটি সিআর মামলার মধ্যে চেকের মামলার পুরো টাকা ও সিআর মামলার আংশিক টাকা পরিশোধ সাপেক্ষে মামলাগুলো আপসে মীমাংসার সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সর্বশেষ কিস্তির টাকা বাদীকে বুঝিয়ে দেওয়া হয়। পরে আদালতে বিষয়টি তোলা হলে বিচারক বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে আসামিকে খালাস দেন।
এর আগে ২০২০ সালের ৪ মার্চ সিলেট সিনিয়র জডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে সাহেদের বিরুদ্ধে ২০ লাখ ৫০ হাজার টাকার তিনটি প্রতারণা মামলা ও ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি সিআর মামলা করেন জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী শামসুল।