বজ্রপাতে মৃত্যু
বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৪:৫২ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১৫:৫১ পিএম
প্রতীকী ছবি
বরিশালের মেহেন্দিগঞ্জে বজ্রপাতে একই সঙ্গে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ মার্চ) রাতে উপজেলার গজারিয়া নদীতে মাছ ধরতে গেলে কোনো একসময় এ ঘটনা ঘটে। নদীতে মাছ ধরতে যাওয়া অন্য জেলেরা সকালে নৌকায় শ্বশুরের ও নদীতে জামাইয়ের মরদেহ পেয়ে পুলিশে খবর দেন।
পরিবারের বরাতে চর এককরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ রফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রবিবার রাতে তারাবি নামাজ আদায় করে শ্বশুর-জামাই মিলে গজারিয়া নদীতে মাছ ধরতে বের হন। রাতের কোনো একসময় বজ্রপাতে তারা দুজনই মারা যান।
‘ভোরের দিকে অন্য জেলেরা নৌকায় শহিদ বিশ্বাসের ঝলসানো মরদেহ দেখতে পান। আর সকালে নদীতে অন্য জেলেদের জালে জামাই রাসেলের মরদেহ পাওয়া গেছে। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।’
মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির এসআই মজিবর রহমান বলেন, ‘ডিঙ্গি নৌকা নিয়ে নদীতে মাছ শিকারে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। বজ্রপাতে তারা মারা গেছেন বলে পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’