গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৯:৫১ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৩ ২০:২০ পিএম
ট্রেনে কাটা পড়ার পর স্থানীয়রা মরদেহ দেখতে ঘটনাস্থলে ভিড় করছেন। প্রবা ফটো
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে মুন্নী খানম নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েরছ। শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার খায়েরহাট এলাকার বেলতলা রেলক্রসিং-এ ঘটনা ঘটে। নিহত মুন্নী খানম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ এলাকার বাসিন্দা এবং মালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, মুন্নী পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ থেকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট মদিনাপাড়া বোনের বাড়িতে যাচ্ছিল। বেলতলা রেলক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের আবির নামে এক ছেলের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলের সাথে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলার পর সে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। মেয়েটির ফোনের ডায়াল কলে ছেলেটির নম্বর পাওয়া গেছে।