সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৬:০১ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৬:৪৩ পিএম
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ছাব্বির হোসেন মোমেনের কিরুদ্ধে। প্রবা ফটো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বালু ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে পাঁচজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ মার্চ) রাতে উপজেলার পূর্ব বেহাকৈর এলাকায় এ ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ব্যবসায়ী হুমায়ন আহাম্মেদ সানি বলেন, ‘চাঁদার টাকা না দেওয়ায় ছাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেন ও তার লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। তাদের বাধা দেওয়ায় আমার পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে।’
ছাব্বির হোসেন মোমেন বলেন, ‘জমি নিয়ে বিরোধ থাকায় আমার লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। হামলার ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’
লিখিত অভিযোগে উল্লেখ করেন, উপজেলার কাচঁপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর এলাকার বালু ব্যবসায়ী হুমায়ুন আহাম্মেদ সানি। নিজের বালু নিজে ক্রয় করে তার জমি ভরাটের কাজ করছেন। একই এলাকার ছাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেনের লোকজন সম্প্রতি তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার রাতে ছাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেনের নেতৃত্বে মো. সুমন, সোবহান, মুজিবর ও সলু মিয়াসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী হুমায়নের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।
এ সময় ব্যবসায়ী হুমায়ন বাড়িতে না থাকায় তার স্ত্রী মুক্তা, তার ভাবি শিউলি, ভাতিজা আনাস, জুনাইদ ও মোহাম্মদকে মারধর করে আহত করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।