শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ২০:৫০ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৩ ২১:০৮ পিএম
শুক্রবার বাগেরহাটের শরণখোলা উপজেলায় লোকালয় থেকে উদ্ধার করা আরও একটি অজগর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। প্রবা ফটো
বাগেরহাটের শরণখোলা উপজেলায় লোকালয় থেকে উদ্ধার করা আরও একটি অজগর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) বিকালে উপজেলার সোনাতলা গ্রামের মিজান খলিফার বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। ১০ ফুট লম্বা অজগরটির ওজন ১৪ কেজি।
বন বিভাগের শরণখোলা স্টেশন কমর্কতা মো. আসাদুজ্জামন জানান, অজগরটি সুন্দরবন থেকে কোনো এক সময় লোকালয়ে এসে মিজান খলিফার বাড়িতে অবস্থান নেয়। এরপর ওই বাড়ির পুকুর পাড়ে তাদের দুটি হাঁস খেয়ে ফেলে। এ ঘটনা দেখতে পেয়ে মিজান বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্য ও বনরক্ষীরা অজগরটি উদ্ধার করে স্টেশনসংলগ্ন বনে অবমুক্ত করেন।
এ সময় শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. সামসুল আরেফিন, ওয়াইল্ড টিমের সদস্য ও বনরক্ষীরা উপস্থিত ছিলেন।
এর আগে ২৭ ফেব্রুয়ারি উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন উত্তর সোনাতালা গ্রামের কৃষক মোসলেম খানের বাড়ির সবজিক্ষেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়। পরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস এলাকার বনে অবমুক্ত করা হয়।