রংধনু গ্রুপের উদ্যোগ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৯:৩৬ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৩ ২০:৫৯ পিএম
কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় মাহে রমজান উপলক্ষে ৫ হাজার পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলাম। প্রবা ফটো
রূপগঞ্জে শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে পাঁচ হাজার দরিদ্র মুসলিম পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় পরিবারগুলোর মাঝে মাংস বিতরণ করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, যুবলীগ নেতা হাজী সফিক, মহিউদ্দিন আহমেদ, ইউপি সদস্য জসিম উদ্দিনসহ অনেকে।
রংধনু গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ‘যেকোনো ধর্মের ধর্মীয় উৎসব, প্রাকৃতিক দুর্যোগসহ নানা উপলক্ষ সামনে রেখে গত দুই যুগ ধরে সাধারণ মানুষের জন্য সাধ্যানুযায়ী সহযোগিতা করে পাশে থাকছে রংধনু গ্রুপ। পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হবে।’
‘সাধারণ মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন, সে আলোকেই কাজ করছে রংধনু গ্রুপ।’- যোগ করেন আলহাজ মো. রফিকুল ইসলাম।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, ‘করোনা মহামারি থেকে শুরু করে নানা দুর্যোগ সময়ে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও এভাবেই করে যাবেন বলে আশা করছি।’
মাংস নিতে আসা মেহেরুন্নেছা বলেন, ‘রফিক সাহেব সবসময় আমাদের মতো হতদরিদ্রদের খাদ্য সামগ্রী থেকে শুরু করে বস্ত্র দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। রংধনু গ্রুপ আরো এগিয়ে যাক এই দোয়া করি।’