চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৮:৪৩ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৯:১৫ পিএম
সংগৃহীত ফটো
চট্টগ্রামের আদালতে মামলার বাদীকে জেরা করার সময় অসুস্থ হয়ে জোবাইরুল হক নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।
বুধবার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালতে একটি মাদক মামলার শুনানিকালে এ ঘটনা ঘটে।
আদালতের সরকারি কৌঁসুলি হাবিবুর রহমান বলেন, ‘মাদক মামলার বাদীকে জেরা করছিলেন জোবাইরুল হক। তিনি বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন। জেরা করার সময় এক পর্যায়ে তিনি ঢলে পড়েন। এতে তিনি মাথায় আঘাত পান। তবে জ্ঞান ছিল। সেখান থেকে জোবাইরুল হককে পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ-আসর আদালত প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জোবাইরুল হকের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আদালতপাড়ায়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন বলেন, ‘শুনানি করার সময় হঠাৎ মারা গেছেন তিনি। স্ট্রোক করেছিলেন মনে হচ্ছে। আমরা গভীরভাবে শোকাহত। আদালত প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ নিজবাড়িতে পাঠানো হয়েছে।’