× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট চুরি কীভাবে করতে হয় সুপ্রিম কোর্টে দেখিয়েছে আওয়ামী লীগ : ডা. জাহিদ

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ২০:২৯ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ২০:৪৩ পিএম

শনিবার রাজশাহীর সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রবা ফটো

শনিবার রাজশাহীর সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রবা ফটো

ভোট চুরি কীভাবে করতে হয় সুপ্রিম কোর্টে আইনজীবীদের নির্বাচনে আওয়ামী লীগ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘ভোট চুরি কীভাবে করতে হয় আওয়ামী লীগ দেখিয়েছে। তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই। আওয়ামী লীগ কোনো অবস্থাতেই সমালোচনা মানতে পারে না, মতপ্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে না। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তবায়নে রাজশাহীতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১৮ মার্চ) মহানগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে এ সমাবেশ হয়।

ডা. জাহিদ বলেন, ’আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে এবং পরে বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, বিনামূল্যে সার দেবে ও ঘরে ঘরে চাকরি দেবে। তারা এর কোনোটাই বাস্তবায়ন করতে পারেনি। বরং মানুষের জীবনমানের আরও অবনতি ঘটেছে। আওয়ামী লীগ বলেছিল ভাত কাপড়ের নিশ্চয়তা দেবে, কিন্তু ক্ষমতায় এসে তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে।’

সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘সরকার ১২ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে দুর্নীতির মাধ্যমে। এই সরকার দুর্নীতির পাহাড় গড়েছে। কথা বললেই তারা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়। তার প্রমাণ দিগন্ত টিভি, ইসলামী টিভিসহ বিভিন্ন গণমাধ্যম বন্ধ করা হয় বর্তমান সরকারের আমলে। দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। আমাদের ভাইদের যারা শহীদ করেছে, যারা আমাদের মায়ের বুক খালি করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতেই করা হবে।’ 

আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে উল্লেখ করে ডা. জাহিদ বলেন, ‘রাজশাহী বিএনপির ঘাঁটি। এখান থেকেই সরকার পতনের আন্দোলন বেগবান হবে। আমাদের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হবে। তাদের নিয়ে রাজপথে নামতে হবে। দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে।’

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুন-অর-রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল। সমাবেশে রাজশাহী মহানগর ও জেলা বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা