মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১৭:৫১ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১৮:২৪ পিএম
উপহারের সাইকেলসহ অতিথিদের সঙ্গে দুই শিশু। প্রবা ফটো
টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ও হাটিপাড়া ইউনিয়নের ১০০ জন শিশু-কিশোরকে সাইকেল উপহার দিয়েছে সামাজিক সংগঠন চিলড্রেন ফর বেটার ফিউচার (সিবিএফ)।
শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের খেলার মাঠে এই পুরস্কার বিতরণ করা হয়। সাইকেলের পাশাপাশি আরও ৫০ জনকে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়েছে।
ভাড়াটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলী।
বক্তব্য রাখেন সাউথ এশিয়া ইউথ অ্যাসোসিয়েশনের (সায়া) সাবেক সভাপতি আল মামুন রাসেল, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইয়ুব আলী, খাবাসপুর আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা, বালিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহির উদ্দিন, আকিজ ইনসাফের হেড অব ওয়েলফেয়ার গোলাম হায়দার প্রমুখ।
বক্তারা বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীকে আল্লাহ নিজে পুরস্কৃত করবেন। শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। শুধু এই এলাকা নয়, বাংলাদেশের প্রতিটি গ্রাম ও শহরেও যদি এমন কার্যক্রম চালু করা যায় তাহলে শিশু-কিশোরদের মোবাইল ফোনের আসক্তি ও সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। কারণ শীতের সময়ে টানা ২০০ ওয়াক্ত নামাজ যারা মসজিদে এসে পড়েছেন, তাদের মধ্যে নামাজ পড়ার অভ্যাস তৈরি হয়ে গেছে। আর এই অভ্যাস তাদের ভালো কাজে মনোনিবেশ করবে।
সাইকেল পুরস্কার পাওয়া ভাড়ারিয়া ইউনিয়নের মতলবপুর গ্রামের কিশোর তামিম হাসান বলেন, ‘টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় এখন পুরোপুরি নামাজে অভ্যস্ত হয়ে গেছি। প্রথমে সাইকেল পুরস্কার পাওয়ার আশায় নামাজ শুরু হলেও এখন আজান দেওয়ার সঙ্গে সঙ্গেই মসজিদে গিয়ে নামাজ পড়ি। মুসলমান হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। জীবনের বাকি সময় যেন জামাতে নামাজ পড়তে পারি, মহান আল্লাহ যেন সেই তৌফিক দেন।’
চিলড্রেন ফর বেটার ফিউচারের (সিবিএফ) প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট জামাল উদ্দিন বলেন, ‘১০ থেকে ২০ বছরের কম বয়সী শিশু-কিশোরদের মসজিদ ও নামাজমুখী করতে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে সাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দিই। এ ঘোষণা দেওয়ার পর সদর উপজেলার ভাড়ারিয়া ও হাটিপাড়া ইউনিয়নের ১৮০ জন শিশু-কিশোর রেজিস্ট্রেশন করে। এরপর ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪০ দিন নামাজ আদায়ের কর্মসূচি নেওয়া হয় দুই ইউনিয়নের ১১টি মসজিদে। মসজিদের ইমাম তাদের হাজিরার মাধ্যমে সব তথ্য রাখতেন। ঘোষণা অনুযায়ী, ১০০ শিশু-কিশোরকে একটি করে সাইকেল এবং ৫০ শিশু-কিশোরকে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’