বগুড়া অফিস
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১৭:৩৯ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১৭:৫৮ পিএম
বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল। প্রবা ফটো
বগুড়ার নদীগুলো বাঁচাতে দখলদারদের তালিকা শহরের সাতমাথায় টানিয়ে দেওয়ার দাবি তুলেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল। শনিবার (১৮ মার্চ) দুপুরে বগুড়ার শহীদ খোকন পার্কে ‘বগুড়ার নদী : সংকট সমাধানে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
শরীফ জামিল বলেন, নদী কখনও মরে না, মেরে ফেলা হয়। নদী মারা গেলে সবচেয়ে কষ্টে থাকে গরিব ও নিম্ন আয়ের মানুষ। তাই নদীপাড়ের মানুষের ঐক্যবদ্ধ হয়ে নদী রক্ষায় এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ‘বগুড়ার প্রায় সব নদীই দখল-দূষণের শিকার হচ্ছে। একটা সময় ছিল নদী দখলদাররা ডোনেশন দিত। আমরা সেটা বন্ধ করেছি। এখন বগুড়ার নদীগুলো বাঁচাতে দখলদারদের তালিকা শহরের সাতমাথায় টানিয়ে দিতে হবে। যাতে সবাই তাদের নাম জানতে পারে।’
১৬ মার্চ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী নদী মেলার শেষ দিনের আলোচনা সভাটি যৌথভাবে আয়োজন করে বাপা বগুড়া শাখা, বেলা ও এএলআরডি। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বেলার রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় স্যান্যাল।
আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাপার নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, বিবিসিএফের সভাপতি সহযোগী অধ্যাপক এসএম ইকবাল, বাপা বগুড়া শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল করিম দুলাল, পরিবেশকর্মী আব্দুল করিম কিম, পরিবেশকর্মী ইসমাইল গাজী। আলোচনা সভাটি সঞ্চালনা করেন বাপার বগুড়া শাখার সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান।
সভায় বগুড়ার নদীগুলোর বেহাল দশার বর্তমান চিত্র তুলে ধরা হয়। একই সঙ্গে নদী সংরক্ষণে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করা হয়।