দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১৫:৫৭ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১৭:১২ পিএম
টাঙ্গাইলের দেলদুয়ারে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে খন্দকার রিফাত নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নের বর্নী গ্রামে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় শনিবার (১৮ মার্চ) ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা খন্দকার রিফাতের নামে থানায় অভিযোগ করেন। অভিযুক্ত রিফাত বর্নী গ্রামের খন্দকার বিল্টুর ছেলে।
জানা গেছে, বর্নী গ্রামের আব্দুর রহমান দেওয়ানের সঙ্গে প্রতিবেশী খন্দকার বিল্টুর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে বিভিন্ন সময় স্কুলে যাওয়া-আসার পথে বিল্টুর ছেলে রিফাত আব্দুর রহমানের মেয়েকে উত্ত্যক্ত করতেন। মেয়েটি তার অশোভন প্রস্তাবে রাজি না হলে বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে রিফাত একটি সিএনজিচালিত অটোরিকশা করে ভুক্তভোগী ওই ছাত্রীকে অপহরণ করেন।
দেওয়ান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, অভিযোগ এখনও পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।