কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ২০:০৭ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৩ ২০:১৬ পিএম
প্রতীকী ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বটির কোপে সাইফুল ইসলাম নামে এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুড়া মিস্ত্রিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম একই গ্রামের সামসুল হকের ছেলে।
প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘শিশুদের মধ্যে গণ্ডগোলের জের ধরে ধারাল বটির আঘাতে সাইফুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যাকারী মহাবুল ও তার স্ত্রী কনা খাতুনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।’
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে সাড়ে ৪টার দিকে নিহত সাইফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম ও প্রতিবেশী মহাবুলের ছেলে সম্পদ বাড়ির পাশে খেলছিল। এ সময় তাদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জেরে মহাবুল ও সাইফুল তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মহাবুলের স্ত্রী কনা খাতুন রান্নার কাজে ব্যবহৃত একটি ধারাল বটি তার স্বামীর হাতে তুলে দেন। এ সময় ক্ষুব্ধ মহাবুল সাইফুলকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাইফুল। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী মহাবুল ও তার স্ত্রী কনাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।