বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৯:০৬ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৯:৪৩ পিএম
পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি খাল। সংগৃহীত ফটো
পার্বত্য জেলা বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় ফের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় ও বিদেশি পর্যটকদের নিরাপত্তাজনিত কারণে পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণ নিষিদ্ধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বান্দরবানের সাতটি উপজেলার মধ্যে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলা ছাড়া অন্যান্য উপজেলায় আগের মতো পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।
এর আগে রোয়াংছড়ি ও রুমা উপজেলার দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের ১৭ অক্টোবর সন্ধ্যায় উপজেলা দুটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। পরে কয়েক দফা বাড়িয়ে থানচি ও আলীকদমে দেওয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা। ক্রমান্বয়ে আলীকদম, থানচি ও রোয়াংছড়ি উপজেলা থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রুমাতে নিষেধাজ্ঞা বহাল ছিল।