বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৭:৩২ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৭:৪২ পিএম
বরগুনা সদর উপজেলায় তেলবাহী ট্রাকের চাপায় মাওলানা আবদুস সত্তার নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। প্রবা ফটো
বরগুনা সদর উপজেলায় তেলবাহী ট্রাকের চাপায় মাওলানা আবদুস সত্তার নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন তোতার বান্দা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাওলানা সত্তার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় মিয়া হাটখোলা এলাকার আবদুল লতিফের ছেলে। তিনি বরিশালের একটি মাদ্রাসায় সহসুপার পদে কর্মরত ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, ফুফার মৃত্যুর খবর পেয়ে বরিশাল থেকে তিনি গ্রামের বাড়ি আসেন। জানাজা ও দাফন শেষে দুপুরের দিকে মোটরসাইকেলে কর্মস্থল বরিশালের উদ্দেশে রওনা দেন তিনি। পথিমধ্যে তোতার বান্দা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালক নাইমকে আটক করে। সুরত হাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।