রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৮:১৯ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১৯:২১ পিএম
কাপ্তাই হ্রদে জাল ফেলে জান্নাতুল বেগম নামের নারীকে উদ্ধার করা হয়। প্রবা ফটো
রাঙামাটির লংগদুর কাপ্তাই হ্রদে স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্পিডবোটের যাত্রী জান্নাতুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে লংগদু উপজেলার মধুমাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল বেগম উপজেলার মাইনিমুখ ইউনিয়নের কালু মাঝির টিলা এলাকার মো. শাহাব উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন, মো. সালমান ও কবির হোসেন। তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে লংগদুর মাইনিমুখ বাজার থেকে রাঙামাটির উদ্দেশে ১২জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ছাড়ে। মধুমাছড়া এলাকায় স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পানিতে ডুবে ঘণ্টাখানেক নিখোঁজ ছিলেন জান্নাতুল বেগম। পরে স্থানীয়রা কাপ্তাই হ্রদে জাল ফেলে তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।