নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৭:১৩ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১৭:৩৭ পিএম
গরু ব্যবসায়ীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার এক আসামি। প্রবা ফটো
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী এলাকায় গরু ব্যবসায়ী দিদারুল আলম বেচু হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
এ সময় গ্রেপ্তার বক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত গাছের ডাল ও একটি ছোরা।
পুলিশ বলছে, ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় দিদারুল আলম বেচুকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন। তবে এ ঘটনার মূল আসামি এখনও পলাতক।
গ্রেপ্তার আসামিরা হলেন চরলক্ষ্মী গ্রামের বেলাল হোসেন, একই গ্রামের রাশেদ, মাইন উদ্দিন মিষ্টু , মহিন উদ্দিন চান মিয়া ও লোকমান হোসেন।
পুলিশ জানায়, গত ৬ মার্চ সোমবার সকালে স্থানীয় ছমিরহাট বাজারে গরু বিক্রি করতে যায় দিদারুল আলম বেচু। বাজারে গরু বিক্রি করে সন্ধ্যা ৭টার দিকে একটি অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি চরলক্ষ্মী এলাকায় পৌঁছালে ৭-৮ জন গতিরোধ করে সঙ্গে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় তাদের টাকা দিতে বাধা দিলে প্রথমে গাছের ডাল দিয়ে বেচুর মাথা আঘাত করেন, পরে ধারালো ছোরা দিয়ে তাকে জখম করে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বেচুকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১০ মার্চ) ভোরে মারা যান বেচু।
এ ঘটনায় নিহতের বড় বোন বিবি আয়েশা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় একাধিক ব্যক্তিকে আসামি করে চরজব্বার থানায় হত্যা মামলা করার পর মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়।