মোংলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৮:০০ পিএম
বাগেরহাটের মোংলা বন্দরে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লাবাহী জাহাজ। প্রবা ফটো
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানি করা আরও ৩৩ হাজার মেট্রিকটন কয়লা দেশে পৌঁছেছে। সোমবার (১৩ মার্চ) বিকাল ৪টার দিকে বাগেরহাটের মোংলা বন্দরের হারবাড়িয়া-১২ নম্বর বয়ায় কয়লাবাহী জাহাজ ‘বসুন্ধরা ম্যাজিষ্ট্রি’ নোঙর করা হয়। এসব কয়লা রাত থেকে লাইটার জাহাজে করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
‘বসুন্ধরা ম্যাজিষ্ট্রি’ জাহাজের স্থানীয় শিপিং প্রতিনিধি টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রামপাল তার বিদ্যুৎকেন্দ্রের চালু হওয়া প্রথম ইউনিটের জন্য সব কয়লা আমাদের মাধ্যমে আনা হচ্ছে। আজ ৩৩ হাজার টন এসেছে। এগুলো রাত থেকে খালাস শুরু হবে। পরে বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।’
খন্দকার রিয়াজুল জানান, এখন পর্যন্ত ২ লাখ ৬৭ হাজার ৭৫২ মেট্রিকটন কয়লা আনা হয়েছে। প্রথম ২০২১ সালের ১৯ জুলাই ৩টি লাইটার জাহাজে করে আনা হয় ৩ হাজার ৭৫২ মেট্রিকটন। ২০২২ সালের ২০ সেপ্টেম্বর ৫৫ হাজার ও ৬ নভেম্বর ৩৩ হাজার মেট্রিকটন কয়লা দেশে আসে। দীর্ঘ বিরতির পর চলতি বছরের ৮ ফেব্রুয়ারি আসে ৩৩ হাজার টন, ১৫ ফেব্রুয়ারি ৫৫ হাজার, ১৯ ফেব্রুয়ারি ৫৫ হাজার, ২৩ ফেব্রুয়ারি ৫৫ হাজার ও সর্বশেষ ১৩ মার্চ এসেছে ৩৩ হাজার টন।