প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৪:৩৫ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১৭:২৬ পিএম
প্রতীকী ছবি
ঝালকাঠির রাজাপুরে স্বামীকে হত্যার অভিযোগে এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, হত্যায় অভিযুক্ত ওই নারী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আত্মসমপর্ণ করার কথা জানান। পরে তাকে হেফাজতে নেওয়া হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য জানান।
তিনি জানান, পুটিয়াখালী থেকে একজন নারী কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। তিনি জানান, তার স্বামীকে হত্যা করেছেন। এখন তিনি আত্মসমর্পণ করতে চান। ওই কলটি কনস্টেবল ইকরামুল রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে রাজাপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সাফিয়া খাতুন নামের ওই নারী দুই সন্তানের জননী। তার স্বামী অটোচালক রবিউল আওয়াল তালুকদার। রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ছুরিকাঘাতে রবিউলকে হত্যা করেন তিনি। তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। ওই নারী সন্দেহ করতেন, তার স্বামী আরেকটি বিয়ে করেছেন এবং যেকোনো সময় তাকে হত্যা করতে পারেন। সেই সন্দেহ থেকে স্বামীকে হত্যা করেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।