মোংলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৪:২৩ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১৬:৫৩ পিএম
হরিণের মাংসসহ দুজনকে আটক করা হয়েছে। প্রবা ফটো
মোংলায় হরিণের ১৯ কেজি মাংসসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের নারিকেলতলায় এ ঘটনা ঘটে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন চাঁদপাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নারিকেলতলা আবাসনের ভ্যানচালক মো. বেল্লাল শরীফ ও রাজমিস্ত্রি মো. সাদ্দাম হোসেন।
ইউপি সদস্য হারুন মল্লিক বলেন, ‘মাদক কারবারির জন্য গাঁজা নিয়ে কেউ একজন পালাচ্ছেন– এমন খবর পেয়ে আমি দ্রুত নারিকেলতলার ছোট ব্রিজের কাছে যাই। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে তাদের কাছে হরিণের মাংস পাই। মাংসের পরিমাণ প্রায় ১৯ কেজি। খবর দিলে মোংলা থানা পুলিশ এসে তাদের নিয়ে যায়।’
ওসি বলেন, ‘তাদের বিরুদ্ধে বন আইনে মামলা হবে।’