হাওরাঞ্চল (মোহনগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ২০:৪৩ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৩ ২২:০৫ পিএম
রবিবার নেত্রকোণার মোহনগঞ্জে উকিল মুন্সি স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। প্রবা ফটো
জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। তিনি বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সংস্কৃতিচর্চা ছাড়া কোনো বিকল্প নেই। তাই আমাদেরকে সংস্কৃতিচর্চায় মনোযোগী হতে হবে। সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন; জাতির পিতার সেই উক্তির লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
রবিবার (১২ মার্চ) বেলা ২টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামে বাউল সাধক উকিল মুন্সি স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উকিল মুন্সি স্মরণে বাউল উৎসব ও নবনির্মিত উকিল মুন্সি স্মৃতিকেন্দ্র উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, ‘উকিল মুন্সি সব সময়ই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেছেন। লেখালেখি করতে গিয়ে তাকে অনেক প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হয়েছে। তিনি ছিলেন বিরহের কবি। তার লেখা প্রতিটি গানের মধ্যে আছে বিরহ।’
বরেণ্য ব্যক্তিদের জন্য স্মৃতিকেন্দ্র নির্মাণ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘এই মোহনগঞ্জের বাহাম এলাকার আরেকজন বরেণ্য ব্যক্তিত্ব শৈলজা রঞ্জন মজুমদার। তার নামে নির্মিত সাংস্কৃতিক কেন্দ্র গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। দেশের সব বরেণ্য ব্যক্তিদের স্মৃতিকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।’
উকিল মুন্সি স্মৃতি পরিষদের সভাপতি মোহনগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, হাবিবা রহমান খান শেফালী এমপি, নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ শোম, অতিরিক্ত পুলিশ সুপার ফখর উদ্দিন জুয়েল, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, শফিকুল ইসলাম চৌধুরী জহর প্রমুখ।