জামালপুর সংবাদদাতা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:১১ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৬ পিএম
সড়কের মাঝপথে শুয়ে পড়েছেন কৃষক। ছবি : সংগৃহীত
ইউরিয়া সার না পেয়ে জামালপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর বাজার এলাকায় এ বিক্ষোভ হয়।
কৃষকরা অভিযোগ করে বলেন, ইউরিয়া সার বিক্রির মাইকিং শুনে সকালে সার কিনতে শরিফপুর বাজারের ডিলার আব্দুস সালামের গুদামের সামনে উপস্থিত হন কয়েকশ কৃষক। উপস্থিত ২০-২৫ জন কৃষকের মাঝে প্রতি বস্তা সার এক হাজার ১০০ টাকা দরে বিক্রির পর গুদাম বন্ধ করে দেন ডিলার।
পরে বিক্ষুব্ধ কৃষকরা সারের দাবিতে সড়ক অবরোধ করেন। কয়েকজন কৃষক সড়কের মাঝপথে শুয়ে পড়েন। এতে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, সদর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শরিফপুর বগালী এলাকার কৃষক ফরহাদ আলী বলেন, গুদামে পর্যাপ্ত ইউরিয়া সার থাকার পরেও বিসিআইসির ডিলাররা সার না থাকার কথা বলে দোকান বন্ধ রাখেন।
রনরামপুরের কৃষক রমজান আলী বলেন, ডিলারের ঘরে সার থাকার পরেও ঘর বন্ধ করায় কৃষকরা বিক্ষোভ করেছেন। তারা সড়কের ওপর শুয়ে পড়েন।
উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন বলেন, শরিফপুর ইউনিয়নে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। সারের কোনো সংকট নেই।
প্রবা/ইউরি/জেআই