চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১৮:৩২ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৩ ১৮:৫৬ পিএম
শনিবার দুপুরে সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্র্রঘোষিত মানববন্ধন কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রবা ফটো
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার এখন নতুন ষড়যন্ত্রের খেলায় নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের ঘটনা ঘটছে সেগুলোকেও রাজনীতিকরণের চেষ্টা করছে সরকার। এ থেকেই বোঝা যায় সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। তারা জনগণের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যই রাজনীতি করছে। এরশাদের পতনের সময়ও মন্দিরগুলোতে আক্রমণ হয়েছিল। স্বৈরাচারদের যখন পতনের সময় হয় তখন তারা এ ধরনের কর্মকাণ্ড করে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দৈন্যদশায় পড়েছে। জনবিচ্ছিন্ন হয়ে এখন ষড়যন্ত্রের খেলায় নেমেছে।’
শনিবার (১১ মার্চ) দুপুরে সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্র্রঘোষিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরীর কাজির দেউড়ি নুর আহম্মেদ সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আমীর খসরু বলেন, ‘দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। প্রত্যেক জায়গায় তাদের একটাই প্রশ্ন, এই ফ্যাসিস্ট সরকারকে কবে বিদায় দেবেন? আমরা নিঃশ্বাস ফেলতে পারছি না। আরও কিছুদিন এ অবৈধ সরকার যদি থাকে আমরা কেউ বাঁচব না। আমাদের মুক্তি দিন। দেশকে মুক্ত করুন। এটা হচ্ছে জনগণের ম্যাসেজ। পরিষ্কারভাবে জনগণের সিদ্ধান্ত, তারা অতিসত্বর সরকারের বিদায় দেখতে চায়।’
নির্বাচনে যারা ভোট চুরির সঙ্গে জড়িত তাদের তালিকা করা হচ্ছে জানিয়ে আমীর খসরু বলেন, সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দিকে। দৃষ্টি মানবাধিকারের দিকে, টাকা পাচারের দিকে, বাক স্বাধীনতার পক্ষে। বিশ্বের উন্নত দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা আইন করেছে, এ নির্বাচনে ভোট চুরির সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসবে। এটা তো বাইরে থেকে আসবে, ভেতর থেকেও তাদের বিচার হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা অংশ নেন।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, জয়নাল আবেদীন জিয়া প্রমুখ।