চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১৪:০৬ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৩ ১৫:৩৭ পিএম
বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবিতে চাঁদপুরে শনিবার র্যালি করে চির সবুজ সোসাইটি অব বাংলাদেশ নামে একটি সংগঠন। প্রবা ফটো
বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবিতে চাঁদপুরে র্যালি করেছে চির সবুজ সোসাইটি অব বাংলাদেশ নামে একটি সংগঠন।শনিবার (১১ মার্চ) দুপুরে শহরের বাবুরহাট বাজারের সিএস কমপ্লেক্সের সামনে থেকে র্যালিটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ হয়। র্যালিতে নেতৃত্ব দেন সংগঠনটির প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী নূরে আলম সিদ্দিকী মুকুল।
সমাবেশে মুকুল বলেন, ‘আমাদের দেশের প্রায় প্রতিটি বিয়ের অনুষ্ঠানে উপহার গ্রহণের জন্য আগে থেকেই অনুষ্ঠানস্থলে টেবিল বসিয়ে রাখা হয়। অতিমাত্রায় এবং উচ্চ হারে নগদ টাকা কিংবা উপহার পাবার আশায় নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে দাওয়াত কার্ড দেওয়া হয়। অথচ কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও আর্থিকভাবে দুর্বল হওয়া ব্যক্তিরা দাওয়াত পান না। আমরা এই সামাজিক বৈষম্যের অবসান চাই। গরিব অভিভাবকের জন্য উপহারের প্রয়োজন আছে। কিন্তু কেউ যদি সহযোগিতা করতে চান সেটা খাতায় লিখে সবাইকে দেখিয়ে দিতে হবে কেন? এতে উপহারদাতা বিব্রত হন। উপহার গোপনে দেওয়া উচিৎ।’
সমাবেশে বক্তারা বলেন, ‘সামর্থ্য অনুযায়ী আয়োজক পক্ষের আয়োজন করা উচিৎ। সামর্থ্য না থাকলে বেশি মানুষকে দাওয়াত দেওয়ার দরকার নেই। অনুরোধ করে দাওয়াত দিয়ে নিয়ে টেবিল বসিয়ে কৌশলে টাকা আদায়ের মানসিকতা বর্জন করা দরকার। ৫০০ টাকার খাবার খাইয়ে ২০০০ টাকা আদায় একটি নীরব চাঁদাবাজি ও জঘন্য হোটেল ব্যবসার সামিল।’
সমাবেশে সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মো. বশির পারভেজ, জেনারেল সেক্রেটারি মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মমিন খান, যুগ্ন সম্পাদক মো. ওমর, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহআলম প্রধানীয়া প্রমুখ উপস্থিত ছিলেন।