বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ০৯:০৪ এএম
আপডেট : ১১ মার্চ ২০২৩ ১১:৩৮ এএম
হামলায় নৌপুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে’র মাথা ফেটে যায়। প্রবা ফটো
বরিশালের মেঘনা নদীর অভয়াশ্রমে মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযানে জেলেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় মৎস্য কর্মকর্তা, নৌপুলিশের পরিদর্শকসহ নয়জন আহত হয়েছেন। আত্মরক্ষার্থে এ সময় পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় হিজলা উপজেলার মেঘনা নদীর মাঝে সবুজ বয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তারেক হাওলাদার প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ, নৌপুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে, কনস্টেবল জাকারিয়া, মৎস্য দপ্তরের মাঝি ইয়াসিন, রাজু, ইয়াকুব, সালাউদ্দিন, সোহাগ ও মুজাহিদ।
ইউএনও জানান, মাছ শিকার নিষেধাজ্ঞার মধ্যে শুক্রবার সন্ধ্যার দিকে নৌপুলিশ ও উপজেলা মৎস কর্মকর্তার সমন্বয়ে যৌথ টিম হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালায়। এ সময় নদীতে জেলেদের ফেলা একটি জাল তুলতে গেলে আশপাশের জেলেরা অভিযান পরিচালনাকারী টিমের ওপর হামলা করেন।
এতে নৌপুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে’র মাথা ফেটে যায়। আহত হন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজসহ অন্যরাও। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাঈদ হোসেন বলেন, ‘অভিযানের সময় হঠাৎ জেলেরা দলবদ্ধ হয়ে এ হামলা চালান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। জেলেরা কয়েকটি নৌকা পুরোপুরি ভেঙে ফেলেছে।’
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হবে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’