সুবল বড়ুয়া, চট্টগ্রাম
প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ১৭:০৬ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৩ ২০:২৮ পিএম
প্রতীকী ছবি
রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) দপ্তরের কমান্ড্যান্ট রেজওয়ান-উর-রহমানের বিরুদ্ধে একাধিক অস্থায়ী গাড়িচালকের বেতন-ভাতা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। নুর আলম ও মো. ওয়াকার হোসেন নামে দুই ভুক্তভোগী গাড়িচালক এ নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক ও মহাব্যবস্থাপক বরাবর অভিযোগ দিয়েছেন। এ তথ্য প্রতিদিনের বাংলাদেশকে তারাই জানিয়েছেন।
নূর আলম বলেন, দৈনিক ৫৭৫ টাকা করে রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবি দপ্তরে অস্থায়ী চালক হিসেবে প্রায় তিন বছর ধরে কর্মরত আছি। আগে মাস শেষে নির্ধারিত সোনালী ব্যাংক সিআরবি শাখায় আমার বেতন-ভাতা জমা হয়ে যেত। কিন্তু হঠাৎ ব্যাংকে বেতন-ভাতা জমা বন্ধ হয়ে যায়। গত পাঁচ মাস ধরে আরএনবি কমান্ড্যান্ট অফিস থেকে বেতন-ভাতা ক্যাশ দেওয়া হচ্ছে। ক্যাশ দিতে গিয়েই ঝামেলা শুরু হয়েছে। এখন ১০ দিন দিলে ১০ দিনের বেতন দিচ্ছে না।
নূর আলম আরও বলেন, চলতি মাসের বেতন-ভাতা নিতে গিয়ে দেখি কমান্ড্যান্ট স্যার আমার বেতন-ভাতা তুলে নিয়েছেন। দুই মাসে আমার প্রাপ্য বেতন ৩১ হাজারের মধ্যে মাত্র ১১ হাজার টাকা দেয়া হয়েছে। বাকি টাকা কমান্ড্যান্ট স্যার নিয়েছেন। এ নিয়ে জিজ্ঞাসা করলে বলেন, ‘যা দিয়েছে তাই।’
নিয়মিত অফিস সময়ের মধ্যে তার ওভারটাইম আছে। তাছাড়া তিনি দু-এক দিন ছুটিও কাটিয়েছেন। সব মিলিয়ে তার হিসাবমতে প্রাপ্য টাকা ৩১ হাজার। কিন্তু কমান্ড্যান্ট তার কাছ থেকে অতিরিক্ত ওভারটাইম ও অনুপস্থিতির দিনে সই করিয়ে নিয়ে ৬২ হাজার ৭৫ টাকা বেতন-ভাতা তুলেছেন।
এরপরও মূল প্রাপ্য টাকা দিচ্ছেন না। বেতন ব্যাংকে জমা না দিয়ে ক্যাশ দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান নূর আলম।
আরেক অস্থায়ী চালক ওয়াকার হোসেন বলেন, দৈনিক ৫৭৫ টাকা মজুরি হিসাবে আমার মাসিক বেতন ১৭ হাজার ২৫০ টাকা। কিন্তু কমান্ড্যান্ট স্যার আমার ২ মাস ১৮ দিনের বেতন ক্যাশ নিয়ে আমাকে দিচ্ছেন না। তাই আমি গত ১ ফেব্রুয়ারি রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক বরাবর ওনার বিরুদ্ধে অভিযোগ করেছি। এরপরও তিনি আমার প্রাপ্য আড়াই মাসের ৪৪ হাজার ৮৫০ টাকা বেতন দিচ্ছেন না। কিছুদিন আগে আমাকে ডেকে ৫ হাজার টাকা নিতে বলেন। আমি বলেছি আমার সম্পূর্ণ টাকা দিলে নেব। পরে কমান্ড্যান্ট স্যার অফিসের হাবিলদার শামীমের মাধ্যমে আমাকে ১৮ হাজার টাকা অফার করেন। আমি ওই টাকাও নিইনি। আমি সংসার নিয়ে খুব কষ্টে আছি। আমি আমার বেতন-ভাতা চাই।
এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের অভিযুক্ত আরএনবি কমান্ড্যান্ট রেজওয়ান-উর-রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
তবে অভিযোগ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, বেতন-ভাতা আত্মসাৎসংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ওই বিষয়ে ব্যবস্থা নিতে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপককে (ডিআরএম) নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের ডিআরএম আবিদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অস্থায়ী চালকের বেতন-ভাতা আত্মসাৎসংক্রান্ত বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি বিষয়টি শিগগিরই সমাধান হয়ে যাবে। কমান্ড্যান্ট এরই মধ্যে চালকদের বেশকিছু টাকা দিয়েছেন। বাকি প্রাপ্য টাকাও তাদের দিয়ে দেবেন।