সিলেট অফিস
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৭:৩৩ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৮:২৬ পিএম
অলঙ্করণ প্রবা
সিলেটের ওসমানীনগরে একটি নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে এক কিশোরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার তাজপুর দুলিয়ারবন্দ এলাকার এক ভবনে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই কিশোরীর নাম দিপা রানী সিংহ। কুমিল্লা জেলার বরুড়া থানার তলাগ্রামের পীযুষ চন্দ্র সিংহের মেয়ে দিপা।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের মা-বাবার বরাতে পুলিশ জানায়, স্থানীয় তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের তাজপুরের দুলিয়ারবন্দস্থ বাসায় ভাড়া থাকে দিপার পরিবার। দিপা স্থানীয় তাজপুর মঙ্গলচন্ডী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বুধবার রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে দিপা। ভোর ৫টার দিকে তাকে কক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার বাবা-মা। পরে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি ভবনের একতলা ছাদের ওপর রক্তাক্ত অবস্থায় দিপাকে দেখতে পান তারা। তাকে উদ্ধার করে তাজপুরস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম বলেন, ‘নিহত কিশোরীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার ক্লু উদঘাটনে আমাদের টিম কাজ করছে। দিপা ওই ভবনে কীভাবে গেল, তাকে ধর্ষণ করা হয়েছে কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’