রাজশাহী প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৬:৫৮ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৭:১৭ পিএম
গ্রেপ্তার সারোয়ার জামান সুইট। প্রবা ফটো
রাজশাহীর ভদ্রায় অস্ত্র, গুলি ও মাদক রাখার অভিযোগে সারোয়ার জামান সুইট নামে এক যুবককে আটক করেছে র্যাব। তিনি একই এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল রিয়াজ শাহরিয়ার।
তিনি জানান, বুধবার (৮ মার্চ) রাত ১২টার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন ভদ্রা এলাকায় অপারেশন পরিচালনা করে সুইটকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, টিপ চাকু ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রিয়াজ শাহরিয়ার জানান, সুইট রাজশাহীর একজন শীর্ষ সন্ত্রাসী। তার নামে ডাকাতি, অপহরণ, ছিনতাই, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। সম্প্রতি সুইট কারাগার থেকে বের হয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হন। এলাকাবাসী তার কর্মকাণ্ডে ভীত। আসামি সুইটের বিরুদ্ধে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে শিগগিরই মামলা করা হবে।