খানসামা (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৩:২২ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৩:৫৯ পিএম
খানসামায় গর্বিত মা-বাবাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রবা ফটো
বর্তমান সময়ে সবাই যখন গর্বিত সন্তানদের সংবর্ধনা প্রদান করেন ঠিক সেই সময়ে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে দিনাজপুরের খানসামায়। উপজেলার ছয়টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের ৯৪ জন বিসিএস ক্যাডার, জজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মা-বাবাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলার বিভিন্ন পেশার মানুষদের নিয়ে গঠিত গর্বিত পিতা-মাতা সংবর্ধনা কমিটির আয়োজনে বুধবার (৮ ই মার্চ) সন্ধ্যায় উপজেলার পাকেরহাট শহীদ মিনার চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গর্বিত পিতা-মাতা সংবর্ধনা কমিটির সভাপতি হাফিজ সরকার সভাপতিত্ব করেন। কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাজী মো. সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী ও সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জীতেন্দ্রনাথ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও ধীমান চন্দ্র দাস, দপ্তর সম্পাদক প্রমথ রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরনবী ইসলামসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ ও সুধীজনও উপস্থিত ছিলেন।