শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৯:৪৬ পিএম
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএম মোজাম্মেল হক। প্রবা ফটো
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক বলেছেন, ‘যারা বলেছেন শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দিবে না, এদের জন্ম ক্যান্টনমেন্টে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে রাষ্ট্রের কোষাগারের অর্থ খরচ করে একজন সামরিক জান্তা জিয়াউর রহমান এদের জন্ম দিয়েছিলেন। সেই জন্মলগ্ন থেকে এরা গণতন্ত্র কখনোই বিশ্বাস করে না, সংবিধানে বিশ্বাস করে না। এটা করে না বলেই তারা অর্বাচীনের মতো কথা বলে।’
বুধবার (৮ মার্চ) বিকেলে শরীয়তপুর সদরের রুদ্রকর ইউনিয়নে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মোজাম্মেল হক বলেন, ‘খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়েছেন। তিনি দুর্নীতিবাজ। তার ছেলে তারেক বিশ্বের এক নম্বর দুর্নীতিবাজ। সুতরাং এই সমস্ত লোকজনেরা জনগণের ভোটেতো নির্বাচিত হতে পারবে না। এ কারণে তারা ভোট বানচাল করার ষড়যন্ত্র করে, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়। ওরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে না, দেশের উন্নয়ন অগ্রগতিতে বিশ্বাস করে না। ওরা শুধু চায় ক্ষমতা লুটপাট কীভাবে করবে।’
বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি একমাত্র বিরোধী দল না। বিরোধী দল আছেতো। এদেশে অনেক রাজনৈতিক দল আছে, অনেকগুলো জোট আছে নির্বাচনে অংশগ্রহণ করবে।’
নিজ দলের যেসব এমপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা নিজেকে মহারাজা মনে করে, যারা সন্ত্রাস করে, যারা নৈরাজ্য করে তাদের বিরুদ্ধে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোচ্চার। তাদের প্রধানমন্ত্রী ছাড় দিবেন না।’
এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, আওয়ামী লীগ নেতা নুরুল আমীন কোতোয়াল, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুস সামাদ তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান পাহাড়, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের ফকিরসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।