বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৬:৩০ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৭:৩৪ পিএম
বান্দরবান জেলা প্রশাসক সভাকক্ষে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠান। প্রবা ফটো
প্রান্তিক নারীদের পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
তিনি বলেন, ‘কোনোকালেই একা হয়নি জয়ী পুরুষের তরবারি, সঙ্গে থেকে প্রেরণা দিয়েছেন, সাহস জুগিয়েছেন বিজয় লক্ষ্মী নারী। পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই বিভিন্নভাবে নারীদের অবদান ছিল।’
বুধবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক সভাকক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন প্রতিপাদ্য’ বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন বলেন, ‘বর্তমানে দেশের সর্বোচ্চ পর্যায়ে নারী নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনে ১৬৪ জন নারী যুগ্ম সচিব রয়েছে। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকসহ সহকারী কমিশনার হিসেবে অনেক নারী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।’
ডমে প্রু মারমার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আতিয়া চৌধুরী, একেএসের নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী, মানবাধিকারকর্মী অংচ মং মারমা প্রমুখ।