সিলেট অফিস
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১৭:৩৪ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১৭:৫২ পিএম
সিলেট মহানগর। ছবি : সংগৃহীত
সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচলের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) ভোর ৬টা থেকে ফের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। রবিবার (৫ মার্চ) রাতে সিলেট নগরীর কদমতলীতে সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ৩০ জানুয়ারি একই দাবিতে তারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন।
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর কবির পলাশের পরিচালনায় বক্তব্য দেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি সামছুল উদ্দিন বাবুধন, নাজিম উদ্দিন লস্কর ও রাজন মিয়া প্রমুখ। এ ছাড়া সভায় বিভিন্ন মালিক শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কে প্রতিদিন ৪টির বেশি বিআরটিসির বাস চলাচল না করা, প্রত্যেকটি বাস আসা যাওয়া বাবদ ১টি করে মোট ৪টি ট্রিপ দেওয়ার জন্য আমরা প্রথমে ১১ জানুয়ারি এবং পরবর্তীতে ২৩ জানুয়ারি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো ফলাফল আসেনি। এক পর্যায়ে বাধ্য হয়ে ৩০ জানুয়ারি থেকে সিলেট-জকিগঞ্জ রোডে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দিই।
তারা আরও বলেন, প্রশাসনের আশ্বাসে তখন আমরা সেই কর্মসূচি স্থগিত করি। কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দাবি মানা হয়নি। প্রশাসনের সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী বুধবারের মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হলে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সিলেট-জকিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে। এই সময়ে এই সড়কে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।
পরে বিভাগীয় পর্যায়েও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান পরিবহন মালিক-শ্রমিক নেতারা।