নীলফামারী প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ০৯:১৩ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১১:১৫ এএম
নীলফামারী সদরে নিখোঁজের এক দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোড় বাইপাস রোড এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আগের দিন সন্ধ্যায় বিলে সেচ পাম্প ঘরের লাইট জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় সে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহরিয়ার শিহাব ওই এলাকার এরশাদুল হকের ছেলে ও শহরের নীলফামারী ক্যাডেট একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাতে ওসি জানান, শনিবার সন্ধ্যার দিকে ধানক্ষেতের সেচ পাম্পের ঘরে লাইট জ্বালাতে যায় শিহাব। এরপর বাড়ি ফিরতে দেরি করায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে এরশাদুল পরদিন সকালে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এরই মধ্যে রবিবার রাতে সদরের মোড় বাইপাস রোড এলাকার টিভি মেকানিক হাসেন আলী তার জমিতে পানি দিতে গেলে মরদেহটি দেখতে পান। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি মুক্তারুল আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি গতকাল (শনিবার) নিখোঁজ হয়েছিল। নিখোঁজের বিষয়ে শিশুটির বাবা একটি ডায়েরি করেছিলেন।